সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৩ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে শতাধিক ভুক্তভোগী। বুধবার (৭ মে) সকাল ১০টায় গুপ্তছড়া বাজারে আল বারাকা ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ মিছিল বের করে এবং সাড়ে ১২টার দিকে কুমিরা-গুপ্তছড়া সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১টায় উপজেলা স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মগধরা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সওদাগর। বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল, মগধরা ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন এবং প্রতারিত ভুক্তভোগী গ্রাহক কাজী রকিবুল আহসান, সালাউদ্দিন সওদাগর, মনির সওদাগর, নিজাম সওদাগর, আনোয়ার হোসেন, বাবুল জলদাশ, বাবু শংকর, জাহেদ, মাষ্টার সোলাইমান প্রমুখ।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০০৮ সালে গুপ্তছড়া বাজারে কার্যক্রম শুরু করে আল বারাকা মাল্টিপারপাস সমবায় সমিতি। ২০১১ সাল থেকে সঞ্চয় কার্যক্রমের নামে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। এরপর সমিতির নামে একটি ভবন নির্মাণ করে এবং সেই ভবন দেখিয়ে আরও বেশি টাকা আদায় করা হয়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করলেও ধীরে ধীরে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে কর্মকর্তারা লাপাত্তা হয়ে যান। বর্তমানে অফিস বন্ধ, তবে ভবনের নিচতলায় ১০-১২টি ব্যবসা প্রতিষ্ঠান ঠিকই চালু রয়েছে এবং ভাড়া আদায় করা হচ্ছে।
ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া স্মারকলিপিতে ভবনটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানান এবং ভবনটি সিলগালা করার আহ্বান জানান, যাতে আত্মসাৎকৃত অর্থ ফেরতের পথ তৈরি হয়।
সাউথ বাংলা ডেস্ক 
























