কলাপাড়া প্রতিনিধি
কুয়াকাটার ব্লু বার্ড আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতা বেল্লাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে মহিপুর থানায় মামলা করেন ভুক্তভোগী পর্যটক মো. তুহিন (২৫), যিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন—কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও হোটেল ভাড়াটিয়া বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) ও শাকিল (২৪)। মামলার অন্য আসামি ইউসুফ হাওলাদার (২৭) পলাতক।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্লু বার্ড হোটেলের ১০২ নম্বর কক্ষে তুহিনকে তালাবদ্ধ করে মারধর করা হয়। তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে বিদ্যুৎ বন্ধ করে কক্ষে আটকে রাখা হয়। পরে তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ও অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে।
ভুক্তভোগী তুহিন বলেন, তিনি চারদিন আগে ১ হাজার টাকা দৈনিক ভাড়ায় হোটেলটিতে ওঠেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ হঠাৎ করে ১২ হাজার টাকা দাবি করে। অপারগতা প্রকাশ করলে তাকে রুমে গিয়ে মারধর করা হয় এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
তবে অভিযুক্ত বেল্লাল হোসেন দাবি করেছেন, ভিন্ন একটি আর্থিক লেনদেনের জেরেই ঘটনাটি ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, তুহিন মাঝে মাঝে হোটেলে অনৈতিক কাজের জন্য নারী সরবরাহ করতেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, “ব্যক্তির দায় দল নেবে না। কেউ সংগঠনের নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, “৯৯৯-এ সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে। পলাতক ইউসুফ হাওলাদারকে ধরতে অভিযান চলছে।”
সাউথ বাংলা ডেস্ক 





















