বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) দিবাগত গভীর রাতে এই ঘটনায় চিকিৎসকের বৃদ্ধা মা ও ফুফু গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত। তিনি মুঠোফোনে জানান, “বাবা হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। বাড়িতে ছিলেন শুধু মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। ডাকাতরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাদের হাত-পা বেঁধে মারধর করে এবং ঘরের আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।”
স্থানীয় সূত্র জানায়, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল ৭-৮ জন। তারা সবাই মুখে মুখোশ পরা ছিল এবং বাড়ির পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাত্রিকালীন টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।
সাউথ বাংলা ডেস্ক 




















