মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি ||
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে ভয়াবহ হামলা ও লুটপাট চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) ভোররাতে আনইলবুনিয়া গ্রামের ব্যবসায়ী মো. হারুন অর রশিদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে পরিবারের আট সদস্যকে বেঁধে মারধর করে দুর্বৃত্তরা। এ সময় তারা মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ, দলিলপত্র লুট করে এবং ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলে।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাত ৪টার দিকে দেশীয় অস্ত্রসহ মুখোশধারী প্রায় অর্ধশত সন্ত্রাসী বাড়িতে ঢুকে হারুন, তার স্ত্রী, সন্তান, পুত্রবধূ ও কন্যাসহ আটজনকে হাত-পা ও মুখ বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে। পরে তারা বসতঘর সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান—যেখানে মুদি, কসমেটিকস, চা, পোল্ট্রি ও কনফেকশনারি দোকান ছিল—ভেঙে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি করে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়ার পরও থানা থেকে মাত্র দুইজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় নেয়, যা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
হারুন অর রশিদের পরিবার সরাসরি স্থানীয় ব্যবসায়ী নাসির খান সরোয়ারের ভাড়াটিয়া লোকজনকে দায়ী করেছেন। তবে সরোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা ঘটনার সত্যতা স্বীকার করলেও সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি। এদিকে, স্থানীয় বাজার কমিটির সহ-সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হামলার শিকার পরিবার আশঙ্কা করছে, হামলাকারীরা রাতের আঁধারে আবারও দখলের চেষ্টা করতে পারে। প্রশাসনের কাছে দ্রুত সহায়তা ও ন্যায়বিচার প্রার্থনা করেছেন তারা।
সাউথ বাংলা ডেস্ক 





















