নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে চুরি হওয়া পল্লী বিদ্যুতের শতাধিক মিটার তার ইউপি সদস্য মো. ইমান হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এসব তার উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বদরপুর এলাকায় একটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ১ স্প্যান থেকে প্রায় ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার চুরি হয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে তারগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম বলেন, সরকারি সম্পদ চুরির কোনো সুযোগ নেই, তা যত ছোট বা বড় হোক না কেন।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য ও যুবদল নেতা মো. ইমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাউথ বাংলা ডেস্ক 




















