নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমাজমির বিরোধ বিশেষ করে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে।

২০ এপ্রিল(রোববার)রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গণিতাশ্রম খিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২১ এপ্রিল) গিয়ে সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে আবুল কালাম, আবুল কাশেম, আবু তাহের, জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন ও ইয়াসিন মিয়া তুষার গং বনাম কিরণ , রতন , মাখন, যতন ও নাহিদ হাসান রিয়াদ গায়ের মধ্যে বিরোধ চলে আসছে। সর্বশেষ আলোচনার মাধ্যমে সমাধানের পথেও এগুচ্ছিলো । গত রাতে পূর্ব শত্রুতার জেরে নাহিদ হাসান রিয়াদ এর ভাগ্নে অনন্ত (১৫) ও ইয়াসিন মিয়া তুষারের চাচাতো ভাই সোহানের (১৫) তুচ্ছ কথার কাটাকাটিকর এক পর্যায়ে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ করে সোহানের চাচা আবুল কাশেম বলেন, আমার ঘরদোর কুপিয়ে লন্ডভন্ড করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন । তিনি আরো বলেন, আমার পুরোনো ৪০ মণ ধান ও নগদ ৫ লাখ টাকা লুটপাট করে নিয়ে গেছে তারা। বাড়ির সীমানার অনেক গাছও কেটে ফেলেছে ওরা ।
সোহানের চাচাতো ভাই ইয়াসিন মিয়া তুষার বলেন, এ ঘটনায় আমাদের ৬/৭ জন আহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে খাতুমাল (৭৫), আবু তাহের (৪০) ও শারমিন আক্তার (২৬) ।
সোহানের বাবা আবুল কালাম বলেন, এই সংঘর্ষের ফলে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। সোহান এসএসসি পরীক্ষা দিচ্ছে । তাকে নিয়ে আরো বেশি আতঙ্কিত । আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।
অভিযোগ অস্বীকার করে কিরণ , রতন , মাখনদের ভাতিজা নাহিদ হাসান রিয়াদ বলেন, আমরা কোন লুটপাট, হামলা ও ভাংচুরের সাথে জড়িত নয়। আমাদের বিআরএস ও আরওআর রয়েছে । ওরা আওয়ামী লীগের শাসনামল থেকে বিভিন্ন উগ্র কর্মকাণ্ডের সাথে জড়িত । বরং আমাদের ঘরদোরে হামলা চালিয়েছে তারা । আমাদের পক্ষের কিরণ (৪০), রতন (৩৮), মাখন (৩৫) ও ইয়াসমিন (৪৫) আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রয়েছে ।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার জাহান কাওছার বলেন, মারামারি হানাহানি ভালো নয় । উভয় পক্ষকে শান্ত থাকার জন্যে অনুরোধ করা হয়েছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনা সম্পর্কে জানতে পেরেছি । গতকাল পুলিশ পাঠানো হয়েছিলো । পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে । তিনি আরো বলেন, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি ।
নেত্রকোনা প্রতিনিধি 
























