আশি বছর বয়সী চাচতো নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামে এক নাতিকে আটক করেছে পুলিশ।
অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
শনিবার(১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মনির বৃদ্ধার চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানার বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিরা।
স্থানীদের ভাষ্য, গভীর রাতে বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে তিনি। টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে নীলা ফুলা জখম করেন তিনি। তান্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করা হয়।
রাশিদা বেগম বলেন, ওদের(মনির) সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে সে। তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছি আমি।
অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।
দুমকী থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটির এখনও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
সাউথ বাংলা ডেস্ক 




















