গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পাথরবোঝাই ট্রাকে অভিনব কায়দায় ভারতীয় মদ পাচারের সময় দুই যুবককে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় রয়েল স্টেগ (Royal Stag) ব্র্যান্ডের ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মদ পরিবহনে ব্যবহৃত পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. কাওছার (২২), পিতা আমানুল্লাহ এবং সিয়াম আহমেদ (১৯)। তারা দুজনই ঢাকার কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এএসআই আব্দুল হামিদ, এএসআই মাসুদ আহম্মেদ, এএসআই মোহাম্মদ আলীসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাথরবোঝাই ট্রাকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা রয়েল স্টেগ ব্র্যান্ডের ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “মাদক ও চোরাচালানমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” এ সময় তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
গোয়াইনঘাট, সিলেট।
০১৭৭৭৮৩৮৮২৩
Reporter Name 




















