গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে যুবদলকর্মী ও ছাত্রদলের সাবেক নেতা বদরুল আলম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রধান আসামিসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তাঁরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বঙ্গবীর পয়েন্টে ১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, ঢাকাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সিলেট বিভাগের সহসভাপতি মাহবুব উল আলম, রুস্তমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকির আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা জাহাঙ্গীর আলম এবং রুস্তমপুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক শামিম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বদরুল আলম হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হননি। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে নাহিদুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
যেভাবে নিহত হন বদরুল
পুলিশ ও মামলার বিস্তারিত তথ্যের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১১ অক্টোবর ভোরে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নিহত হন।
এ ঘটনায় তাঁর বড় ভাই আখলাকুল আম্বিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
নিহত বদরুল আলম হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মোঃ রিয়াজুল ইসলাম 




















