নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে যৌথ গবেষণা উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, ইউরালা কাউন্সিল, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ এবং বরিশাল সিটি কর্পোরেশন।
এ উদ্যোগের আওতায় বর্জ্য পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে একটি যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
পবিপ্রবির একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আওতায় গৃহীত এ উদ্যোগে অস্ট্রেলিয়ার ইউরালা কাউন্সিল, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, বাংলাদেশের এসিআই ফার্টিলাইজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করবে।
সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার ও মূল্যবান সম্পদে রূপান্তরের বিষয়ে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে। এ প্রেক্ষাপটে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যে এ গবেষণা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের প্রজেক্ট মেম্বার হিসেবে রয়েছেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বর্জ্য থেকে সম্পদ আহরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ গবেষণা উদ্যোগ।
এদিকে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক অবস্থান ও র্যাংকিং উন্নীতকরণে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন জোরদারে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক যৌথ গবেষণা উদ্যোগ পবিপ্রবির গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Reporter Name 




















