বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। এ সময় মুঠোফোনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এবং তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, অগ্নিকাণ্ডে তাঁদের যে ক্ষতি হয়েছে, তা পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও বিপদের সময়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হবে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং তাঁদের ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার আশ্বাস দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে সরকারি সহায়তার ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, গত ২ অক্টোবর গাজীরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান পুড়ে যায় এবং ছয়জন ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ড. শফিকুল ইসলাম মাসুদ মুঠোফোনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পেলে তাঁদের ব্যবসা পুনরায় চালু করার ক্ষেত্রে তা সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Reporter Name 




















