গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সরকার নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত এবং বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করার অভিযোগে শেখ মো. জোবায়ের নামে এক গ্যাস সিলিন্ডার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ অক্টোবর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের চর সোনাকুড় এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন মেসার্স নিপুন প্রযুক্তি নামের প্রতিষ্ঠানের গোডাউনে সরকার অনুমোদিত সীমার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করার বিষয়টিও পরিদর্শনে উঠে আসে।
অভিযানকালে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানের ডিলার শেখ মো. জোবায়েরকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজম শনিবার দুপুরে জানান, গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত আইন ও নিরাপত্তাবিধি মেনে চলা বাধ্যতামূলক। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, জরিমানাপ্রাপ্ত শেখ মো. জোবায়ের আওয়ামী লীগ সরকারের প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহর ছোট ভাই শেখ মো. আবু দাউদের ছেলে।
প্রশাসন জানিয়েছে, দাহ্য ও বিস্ফোরকজাতীয় পণ্য সংরক্ষণের ক্ষেত্রে লাইসেন্স, অনুমোদিত মজুতসীমা ও নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে।
Reporter Name 




















