সৈয়দ নুর আহসান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত এবং ইভটিজিং ও শিক্ষার্থীদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভটিজিং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাঠৈ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শিক্ষার্থীদের সঙ্গে এক যুবকের আচরণ নিয়ে অভিযোগের বিষয়টি সামনে আসে।
অভিযোগের ভিত্তিতে ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর কথা বলা, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ওই যুবককে আটক করা হয়।
পরে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভটিজিং, হয়রানি ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 




















