পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট দুটি একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’-এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নতুন দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা খাতের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
কিশোরীদের সচেতনতা ও প্রণোদনা
একই স্থানে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে প্রণোদনার চেক, বিভিন্ন উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা বিআরডিবি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ এবং ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এ ধরনের স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রণোদনার চেক, প্রয়োজনীয় উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ ছাড়া পটুয়াখালী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০টায় মহিপুর থানাধীন মোয়াজ্জেমপুর সালেহিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে একটি অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
এ সময় জেলা পরিষদের আওতাধীন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মন্দির ও শ্রী সুবোধ চাঁদ ঠাকুরের আশ্রমের সংস্কারকাজের উদ্বোধনের ফলকও হস্তান্তর করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নারীর কর্মসংস্থান ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
শিরোনাম :
মহিপুরে উন্নয়নের নতুন অধ্যায়, একদিনে একাধিক প্রকল্পের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- ৬১ Time View
Tag :
Popular Post





















