নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষের নিশ্চয়তা নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল বিভাগীয় শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের সঠিক ও যৌক্তিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অপব্যবহার শুধু প্রাণিস্বাস্থ্যের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। তাই খামারিদের এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি উৎপাদনের প্রতিটি পর্যায়ে খাদ্যের গুণগত মান বজায় রাখতে হবে।
অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক পোল্ট্রি খামারি, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। এতে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার, খামার ব্যবস্থাপনা এবং প্রাণিজ আমিষের গুণগত মান নিশ্চিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Reporter Name 




















