কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লতাচাপলি ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ৭ নম্বর লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া এলাকায় নিজ বাড়িতে হাসান তার আট বছর বয়সী আপন বোনসহ চার শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। অপর তিন শিশু তার প্রতিবেশী ও খেলার সঙ্গী। তাদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে।
ঘটনার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্ত কিশোরকে মারধর করেন এবং তার মাথার আংশিক চুল কেটে দেন বলে জানা গেছে। ওই ঘটনার ভিডিও,ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা করেন। মামলার পরদিন ১৬ সেপ্টেম্বর দুই ভুক্তভোগী শিশু আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।
পরে মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার এসআই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে লতাচাপলি ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, ‘অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 



















