সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সারথী সরকার ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে বিশ্বনাথ সরকারের বড় ছেলে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তিনি সারথী সরকারকে আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে কী কারণে সারথী সরকার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Reporter Name 























