নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় র্যাব, এপিবিএন ও আরআরএফ পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
এ সময় ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও চোরাচালানের পণ্য।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। তিনি গত সাত দিনে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, প্রায় ২৪৯ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, ৮ বোতল ESKUF কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল (Made in USA), একটি এলজি, ১৫ রাউন্ড গুলি ও কার্তুজসহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো ও আঘাতকারী অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ঢাল, ১৪টি পটকা ও আনুমানিক ২০০টি মার্বেল।
চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের উল্লেখযোগ্য অংশ পরিচালিত হয় রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর, চর আড়ালিয়া, আমিরগঞ্জ ও মেঘনা নদীবক্ষের দুর্গম চরাঞ্চলে। যৌথ অভিযানে সেখান থেকে ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল, এলজি, গুলি-কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এ সময় ভ্যানটির চালককে আটক করা হয়। পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে এক যুবক হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত একটি কুড়ালও উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অন্যদিকে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। আটক করা হয় ৩৫টি মোটরসাইকেল। যানবাহন সংক্রান্ত বিভিন্ন অনিয়মে ৩০১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও আরও ব্যাপক ও সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম :
নরসিংদীতে সপ্তাহব্যাপী অভিযানে ২৩৭ গ্রেপ্তার,মাদক সহ অস্ত্র উদ্ধার
-
Reporter Name - Update Time : ১১:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- ৮০ Time View
Tag :
Popular Post





















