সাউথ বাংলা ডেস্কঃ
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সতীশ চন্দ্র রায় মারা গেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৯টা ৩৫ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে তাঁর বড় ছেলে অরবিন্দ রায় জানান, সতীশ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সতীশ চন্দ্র রায় ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
শেখ হাসিনা সরকারের প্রথম মন্ত্রিসভায় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পান।
পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিরল উপজেলার মোস্তফাবাদ এলাকার পারিবারিক শ্মশানে সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
মোঃ রিয়াজুল ইসলাম 




















