বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং জাতিসংঘের সহযোগিতা নেওয়া উচিত। এ ক্ষেত্রে সরকার কূটনৈতিকভাবে ‘শৈথিল্য’ দেখালে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ার বিষয়ে ভারত সরকারের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, বাংলাদেশের কূটনৈতিক আহ্বান উপেক্ষা করে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। একই সঙ্গে সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা রয়েছে।
তবে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে লিপ্ত থাকার’ অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশের আহ্বান ভারত সরকার আমলে নিচ্ছে না।
বিবৃতিতে শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগও তুলে ধরেন গোলাম পরওয়ার। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ব্যাপক প্রাণহানির কথা উল্লেখ করেন তিনি।
তাঁর দাবি, ওই সময় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হন। এ বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে একাধিকবার চিঠি দিয়েছে। কিন্তু ভারত সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে তাঁকে আশ্রয় দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তন করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলেও শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রয়োজন হলে ইন্টারপোল ও জাতিসংঘের সহযোগিতা নিতে হবে।
শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশের জনগণকে ‘সজাগ ও ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
মোঃ রিয়াজুল ইসলাম 

























