ইশরাত লিটন
নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাগরকন্যা কুয়াকাটা এসএসসি ’৯৫ ব্যাচ অল বাংলাদেশ-এর অভিষেক প্রোগ্রামের সাবেক সদস্য সচিব নার্গিস আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস আক্তার বলেন, গত ২৩ জুলাই ‘সময়ের বার্তা’ পত্রিকায় তার নাম ও ছবিসহ আরও তিনজনকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ওই প্রতিবেদনে তার বক্তব্য নেওয়া হয়নি এবং ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করেই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, কোনো ব্যক্তির বক্তব্য না নিয়ে এবং তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার পরিপন্থী। প্রকাশিত সংবাদের যথাযথ সংশোধন, তার বিরুদ্ধে প্রকাশিত তথ্যের ব্যাখ্যা এবং নাম ও ছবি ব্যবহারের কারণে সৃষ্ট সম্মানহানির জন্য সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত।
নার্গিস আক্তার আরও বলেন, তার দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা না হলে নিজের সম্মান, মর্যাদা ও আইনগত অধিকার রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ সাংবাদিকতার অন্যতম মৌলিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে সাগরকন্যা কুয়াকাটা এসএসসি ’৯৫ ব্যাচ অল বাংলাদেশ-এর সংশ্লিষ্ট সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















