সৈয়দ নুর আহসান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মো. ইব্রাহিম।
তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।
জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অভিযানে অংশগ্রহণকারীরা কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান—সবার সম্মিলিত দায়িত্ববোধের মাধ্যমে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
Reporter Name 




















