নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালীর দুমকিতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮)। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনের সঙ্গে একই এলাকার সিদ্দিক মৃধার দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিরোধের জেরে সিদ্দিক মৃধা ও তাঁর ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেন ও তাঁর স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে পাঁচজন গুরুতর জখম হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সাউথ বাংলা ডেস্ক 




















