📍 পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ শনিবার (১৮ অক্টোবর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জিমনেসিয়াম ভবনের উদ্বোধন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেল ৩টায় জিমনেসিয়াম ভবন উদ্বোধনের পর টিএসসির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
এ সময় ইউজিসি চেয়ারম্যানের সহধর্মিণী প্রফেসর সায়রা বানু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাউথ বাংলা ডেস্ক 




















