নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালীর দুমকীতে চুরির অভিযোগে এক কিশোরকে(১২) হাত-পা বেঁধে উল্টো করে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। নির্যাতনের ওই ভিডিও সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে স্থানীয়রা জানান, ওই কিশোরের বিরুদ্ধে একাধিক বার ওই দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও বিভিন্ন গেরস্তের বাড়িতে হাঁস-মুরগি চুরির অভিযোগ রয়েছে।
নির্যাতনের শিকার কিশোরের বাবার বাড়ি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এবং সে পার্শ্ববর্তী ইউনিয়ন শ্রীরামপুরের ৬ নং ওয়ার্ডে নানা বাড়িতে বসবাস করে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরকে নির্যাতন করছেন লুঙ্গি, গেঞ্জি ও টুপি পরিহিত প্রাপ্তবয়স্ক একজন।
স্থানীয়রা আরও জানান, চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের মুদি দোকান থেকে নগদ টাকা চুরির অভিযোগে ওই কিশোরকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরটিকে হেফাজতে নেয়।
তবে অভিযুক্ত দোকান মালিক জলিল সিকদার মারধরের অভিযোগ অস্বীকার করে সাউথ বাংলাকে বলেন, ওই কিশোর দোকানে ঢুকে এ যাবৎ লক্ষাধিক টাকা চুরি করেছে। গতকাল নগদ প্রায় ২৫ হাজার টাকা চুরি করার সময় ধরা পড়ে। তার সঙ্গে থাকা আরও একজন সহযোগী (১৪) পালিয়ে যায়। আমি তাকে বেঁধে ওর বাবাকে খবর দিছি।
এ বিষয়ে দুমকি থানার এসআই নুরুজ্জামান বলেন, “আটক কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্যাতনের বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সচেতন মহলের দাবি, কিশোর অপরাধের অভিযোগ থাকলেও আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।
সাউথ বাংলা ডেস্ক 




















