নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী তাপসী রাবেয়া হলে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান। ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস আর হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো হল প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ইএসডিএম অনুষদের ছাত্রী উমাইয়া তাসদিদ। গীতা পাঠ করেন কৃষি অনুষদের তুলি রানি বিথী। হামদ পরিবেশন করেন এফবিএ অনুষদের ইসরাত জাহান ও উমাইয়া তাসদিদ। আবৃত্তিতে অংশ নেন ইরিন জামান জেবা, রাইতানা খালেদ রিচি, আশা মনি, মাহিনুর বেগম, সাবিনা আক্তার, রাবিনা আহমেদ ও তুলি রানী। গান পরিবেশন করেন সিএসই অনুষদের স্বপ্না সরকার ও কৃষি অনুষদের মেহনাজ হান্নান। দলীয় সংগীতে অংশ নেন মেহনাজ হান্নান, ইবাদি গালিক, মালিহা রেজা উর্বি, তুলি রানি বিথী ও ঐশী। নৃত্য পরিবেশনে ছিলেন মালিহা রেজা উর্বি, ঐশী, ইবাদি, ইসরাত জাহান রাহিম, জেমিমা বিন্তে রশিদ, আসমা খাতুন ও ইসরাত জাহান।
নবীনবরণ উপলক্ষে সাজানো হয়েছিল পুরো হল। উৎসবের সাজে কিংবা সরল রূপে আসা প্রত্যেকের চোখেমুখেই ছিল নতুন সূচনার উচ্ছ্বাস। নবীনদের আনন্দে যোগ দেন শিক্ষক-কর্মকর্তারাও।
বিশেষ অতিথি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘নবীনদের প্রাণবন্ত আগমন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারকে আরও সমৃদ্ধ করেছে। শৃঙ্খলা, অধ্যবসায় ও ইতিবাচক চিন্তার মাধ্যমে তোমরা একদিন পবিপ্রবিকে গৌরবের উচ্চতায় পৌঁছে দেবে—এমনটাই আমাদের প্রত্যাশা।’
কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ বলেন, ‘শিক্ষার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। প্রতিটি স্বপ্নই হোক নৈতিকতায় আলোকিত, সমাজ উন্নয়নে নিবেদিত।’
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, ‘আজকের এই পদার্পণ শুধু বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা নয়, বরং এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানের মহাসাগর, আর তাতে প্রতিটি পদক্ষেপ হোক সত্য, সুন্দর ও মঙ্গলের পথে অগ্রসর হওয়ার প্রতিজ্ঞা। পাঠ্যপুস্তকের পাশাপাশি মানবিকতা, সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। একদিন তোমরাই হবে আলোকিত সমাজের স্থপতি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, কেরামত আলী হলের প্রভোস্ট শেখ আব্দুল্লাহ আল মামুন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মেহেদী হাসান সিকদারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তারা।
সভাপতিত্ব করেন তাপসী রাবেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আসাদুল হক। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও নৃত্যের মূর্ছনায় ভরে ওঠে পরিবেশ।
ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক আবেগ আর মিলনোৎসবের রঙে স্মরণীয় হয়ে রইল পবিপ্রবির তাপসী রাবেয়া হলের নবীনবরণ উৎসব।
সাউথ বাংলা ডেস্ক 




















