নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠান-২০২৫, বিতর্ক প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আইনের ছাত্র হিসেবে তোমরা শুধু আইন বিশেষজ্ঞ নও, বরং আইনপ্রণেতা, সমাজসংস্কারক ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রদূত হবে। আইন অধ্যয়ন মানে কেবল বইয়ের জ্ঞান নয়; এটি মানবিক মূল্যবোধ ও ন্যায়ের প্রতি অঙ্গীকার।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এর আগে অনুষ্ঠিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে সরকারি ও বিরোধী দল অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাংগীর কবির সরকার। নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল তুলে স্বাগত জানান অতিথিরা।
প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীরাই জাতি গঠনের প্রধান কারিগর। তোমাদের মেধা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।”
সাউথ বাংলা ডেস্ক 




















