নিজস্ব প্রতিবেদক||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। সংকট সমাধানে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা। দাবি না মানলে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান। লেভেল–৪, সেমিস্টার–১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, “প্রশাসন নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি। কমিটির নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান আসেনি। তাই আমরা বাধ্য হয়ে অনুষদ সম্পূর্ণ শাটডাউন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।”
তিনি আরও জানান, ভোটাভুটির মাধ্যমে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছেন। প্রশাসনের দেরিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, সম্প্রতি বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, “ভিসি স্যার বাইরে থাকায় কমিটির রিপোর্টে দেরি হয়েছে। আশা করছি আগামীকালই রিপোর্ট হাতে পাবো। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতিবাচক সমাধান আসবে।”
উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে। ৩১ আগস্ট বরিশাল ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদ শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে বরিশাল ক্যাম্পাসের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
সাউথ বাংলা ডেস্ক 




















