সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় চরবাংলার খাসজমি নিয়ে ভূমিহীন কৃষকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। দুই পক্ষই নিজেদের প্রকৃত ভূমিহীন দাবি করে একসনা বন্দোবস্ত পাওয়ার দাবিতে মুখোমুখি অবস্থান নিয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেরাজ খান গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় প্রায় ২ হাজার একর চাষযোগ্য খাসজমি রয়েছে। সমিতির ৯৯৮ জন ভূমিহীন কৃষক এই খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে আসছে।
মো. সেরাজ খান বলেন, “সমিতির প্রায় চারশ’ সদস্য প্রায় ৩০ বছর ধরে চরবাংলা সরকারি খাসজমিতে বসবাস করে কৃষিকাজ ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছি। সরকারি নীতিমালা অনুযায়ী আমাদের প্রাপ্য খাসজমি দখলদাররা জবরদখল করছে। আমরা হাইকোর্টের স্মরণাপন্ন হয়ে একসনা ডিসিআর প্রদানের আদেশ প্রাপ্ত হয়েছি এবং অবৈধ দখলদারদের চাষের অনুমতিপত্র বাতিল হয়েছে। আমরা দ্রুত এ আদেশ বাস্তবায়ন চাই।”
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, সহসভাপতি মো. হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, সদস্য ফারুক মীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই চরের কিছু মানুষ নিজেদের ভূমিহীন দাবি করে গলাচিপা উপজেলা ভূমি অফিসের সামনে সোমবার (১১ আগস্ট) মানববন্ধন করেছেন। সমিতি সভাপতি বলেন, “মানববন্ধনকারীরা আমাদেরকে ভূমিদস্যু বলে অভিহিত করছে। প্রকৃতপক্ষে তারা জবরদখলকারী। তাদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করছি।”
চরবাংলার খাসজমি বন্দোবস্ত নিয়ে এই দ্বন্দ্ব এখন দুইপক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষের পর্যায়ে পৌঁছেছে।
সাউথ বাংলা ডেস্ক 



















