সাকিব আহসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই ঘাট এলাকা থেকে আনোয়ারুল ইসলাম (৫২) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে টাঙ্গন নদীর করনাই ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আনোয়ারুল ইসলামের ছেলে আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘বাবা পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। মাঝে মাঝে তিনি শখ করে নদীতে মাছ ধরতেন। বুধবার সন্ধ্যায় তিনি মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি।’
পরে সকালে খবর পেয়ে পরিবার জানতে পারে, নদীতে ভাসমান একটি মরদেহ দেখা গেছে। পরে গিয়ে নিশ্চিত হন, সেটি আনোয়ারুল ইসলামের।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় আনোয়ারুল ইসলাম টাঙ্গন নদীর মাহালীপীর ঘাট এলাকায় মাছ ধরতে যান। বৃহস্পতিবার সকালে নদীর অন্য পাড়ে করনাই ঘাটে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলছে।’
সাউথ বাংলা ডেস্ক 




















