মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||
উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারে ক্ষুব্ধ জনতা। সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগ তুলে রাস্তায় নামলেন চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নের বাসিন্দারা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে আলীগাঁও ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজারে আয়োজিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
ঘটনার সূত্রপাত পার্শ্ববর্তী লালমোহনের কর্তারহাট বাজারে। অভিযোগ, সেখানে এক যুবক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয়রা আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনার রেশ ধরে আলীগাঁওয়ের দুই বোন, রাবেয়া ও রহিমা, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ইলিয়াসসহ একাধিক বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রচার শুরু করেন—এমনটাই দাবি প্রতিবাদকারীদের।
মানববন্ধন থেকে বক্তারা সরাসরি অভিযোগ তোলেন—এটি বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত কুচক্রী মহলের ষড়যন্ত্র। নাম উঠে আসে লালমোহনের কিছু প্রভাবশালী ব্যক্তির, এমনকি ছাত্রলীগের নিষ্ক্রিয় একটি অংশের সঙ্গে যুক্ত ইব্রাহিম মোহরী ও মনির পাটওয়ারীরও।
এমনকি রহিমার পরিবারের বিরুদ্ধেও ওঠে বিস্ফোরক অভিযোগ—দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে তারা। আর এসবের বিরোধিতা করলেই, পাল্টা হুমকি-মামলার শিকার হতে হয়।
এদিন মানববন্ধনে উপস্থিত ছিলেন ওমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের ইছহাক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের মাসুদ ফরাজি, শ্রমিক দলের আশ্রাফ হাওলাদার ও ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সবার এক দাবি—মিথ্যা অপপ্রচারের দ্রুত অবসান হোক। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হোক আইনানুগ ব্যবস্থা।
সাউথ বাংলা ডেস্ক 




















