ভোলা প্রতিনিধি||
ভোলার চরফ্যাশনের শশীভুষণ এলাকায় এক ব্যবসায়ীর ওয়ার্কশপে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আনজুর হাট বাজারের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার।
ব্যবসায়ী রাকিবের বাবা ইউসুফ মিস্ত্রি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে আনজুর হাট বাজারে একটি ওয়ার্কশপ চালিয়ে আসছে। সম্প্রতি কোরবানির ঈদকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনায় প্রতিবাদ করলে ছাত্রদল নেতাদের সঙ্গে রাকিবের বিরোধ শুরু হয়।
ইউসুফ মিস্ত্রির অভিযোগ, ওই ঘটনার জের ধরেই কলমি ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ, রিয়াজ, কাওসার, আব্বাসসহ ৮-১০ জনের একটি দল মঙ্গলবার রাতে রাকিবের দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকান ভাঙচুর করে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।
রাকিবের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইউসুফ মিস্ত্রি আরও দাবি করেন, অভিযুক্ত আরিফের বাবা আবু তাহের ২০০৬ সালে চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন। “বাবার পথ ধরেই ছেলে আরিফ এখন বিএনপি নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে লিপ্ত,” — এমন অভিযোগ তার।
তবে আরিফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি বাজারে ছিলাম ঠিকই, তবে আমি কাউকে মারিনি। হামলা চালিয়েছে রিয়াজ ও তার অনুসারীরা। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখেছি।”
এ বিষয়ে শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাউথ বাংলা ডেস্ক 






















