সঞ্জীব দাস, গলাচিপা, পটুয়াখালী || নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পুরান বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের সুভাস চন্দ্র দাসের সেলুন দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো:
সুভাস চন্দ্র দাসের সেলুন দোকান
মো. ইব্রাহিম সরদারের একটি দোকান
মো. রফিকুল ইসলাম মোল্লার দুটি দোকান
স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ না করা গেলেও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, লাখ টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ হাসান বলেন,
> “আমরা ইতোমধ্যে ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।”
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রানা বলেন,
> “ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় আগুন নেভানোর কোনো সরঞ্জাম না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। অগ্নি নিরাপত্তা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সাউথ বাংলা ডেস্ক 




















