🖊️ সাকিব আহসান, প্রতিনিধি | পীরগঞ্জ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জন বাংলাদেশি নাগরিককে জোর করে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) ভোররাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১/৪-এস নম্বর পিলার দিয়ে তাদের ঢুকিয়ে দেওয়া হয়।
পরে সীমান্ত এলাকায় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করে। বেলা আড়াইটার দিকে যথাযথ যাচাই শেষে থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বকর সিদ্দিক জানান, “ভারতের বহরমপুর বিএসএফ ক্যাম্প থেকে রাতের আঁধারে ওই ১৩ জনকে সীমান্ত পার করে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। তারা তিনটি পরিবারের সদস্য এবং দিল্লিতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।”
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব চন্দ্রকোনা গ্রামের জাহিদুল ইসলাম (৩৯), তাঁর স্ত্রী রোজিনা বেগম (২৩) ও ছেলে রমজান আলী (৪)
একই জেলার শিমুলবাড়ী এলাকার শাহীন আলী (২৮), তাঁর স্ত্রী রোজিনা বেগম (২৫), ছেলে ইয়াসিন (১০), মেয়ে মর্শিদা (৭) ও আবু বকর (৩)
বোয়ালবাড়ী এলাকার শফিকুল ইসলাম (৩১), তাঁর স্ত্রী নুর নাহার (২৫), ছেলে নুর আলম (৯), মেয়ে সুমাইয়া (৭) ও সুমনা (৫)
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, “বিজিবি’র মাধ্যমে তাদের হেফাজতে নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে তারা বাংলাদেশের নাগরিক। বিকেলে পরিবারগুলোর জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে।”
সাউথ বাংলা ডেস্ক 




















