ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?”
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?”
তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, “এই বাস্তবতায় জনগণ কীভাবে আপনাদের বিচারপ্রক্রিয়া ও সংস্কারের অঙ্গীকারে আস্থা রাখবে?”
এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাউথ বাংলা ডেস্ক 




















