ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।
বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ মে) গভীর রাতে, শ্রীনগরের ওমপাড়া এলাকায়। রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি এক্সপ্রেসওয়ের একটি অংশে ব্যারিকেড দিয়ে ওৎ পেতে থাকেন। গাড়ি আসার সঙ্গে সঙ্গে তারা বড় রামদা হাতে সামনে এগিয়ে যায়। তবে চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুতগতির কারণে গাড়িটি কোনোরকমে সরে যেতে সক্ষম হয়, ফলে যাত্রীরা অক্ষত থাকেন।
পুরো ঘটনাটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাফপ্যান্ট পরা ছয়জন যুবক একাধিক স্থানে অবস্থান নিয়ে ডাকাতির চেষ্টা চালায়। একজন ডাকাত গাড়ি ধরতে না পেরে রামদা ছুঁড়ে মারলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, “ভিডিও ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত চলছে, শিগগিরই পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাউথ বাংলা ডেস্ক 
























