নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর দুমকী থেকে নিখোঁজ হওয়ার ১২ দিন পর ঢাকার মুগদা এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসী নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ অক্টোবর তাঁকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।
জান্নাতুল ফেরদৌসী দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের আবু মুসার স্ত্রী। তাঁর বাবা মো. হায়দার আলী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার বাসিন্দা।
জান্নাতুলের বাবার দেওয়া জিম্মানামা অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত আটটার দিকে তিনি রাজাখালী গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান। এরপর তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে দুমকী থানায় অভিযোগ করা হয়।
পরিবারের অভিযোগের পর পুলিশ তাঁকে উদ্ধারের উদ্যোগ নেয়। পরে ২৯ অক্টোবর ঢাকার মুগদা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে জানান দুমকী থানার ওসি সেলিম উদ্দিন।
উদ্ধারের পর জান্নাতুলকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় তাঁর বাবা মো. হায়দার আলীর জিম্মায় দেওয়া হয়।
এদিকে, জান্নাতুলের স্বামী আবু মুসা দাবি করেছেন, এ ঘটনায় দুমকী উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল আলম হাওলাদারকে জড়ানোর বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন।
আবু মুসার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী ঢাকার এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে ঢাকায় গিয়ে তাঁর কাছে আশ্রয় নিয়ে আত্মগোপনে ছিলেন।
তবে স্বামীর এসব অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদৌসীর বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।
মোঃ রিয়াজুল ইসলাম 













