পটুয়াখালী প্রতিনিধি:
ভারতসহ সাত দেশের অংশগ্রহণে পটুয়াখালীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনা এবং মানব পাচার প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে অবস্থিত কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ শীর্ষক এ প্রশিক্ষণে আটজন বিদেশি প্রশিক্ষণার্থীসহ মোট ১২ জন অংশ নেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, মানব পাচার, অবৈধ অভিবাসন ও সামুদ্রিক অপরাধের মতো আন্তদেশীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।
কোস্ট গার্ড জানিয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনা, মানব পাচার প্রতিরোধ এবং আন্তদেশীয় অপরাধ দমনে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়বে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মোঃ রিয়াজুল ইসলাম 













