সৈয়দ নুর আহসান
বরিশাল(গৌরনদী)প্রতিনিধিঃ সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমোদন দিচ্ছে না সরকার। অতীতে যেসব ক্লিনিক চালু হয়েছে, সেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সম্ভব নয়। পর্যায়ক্রমে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার বিষয়ে জানতে চান।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।
রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহতা জারাব সালেহিন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।