
আরিয়ান শাকিল উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. আলমগীর হাওলাদার। তিনি পাংগাশিয়া মমতাজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় মায়ের সঙ্গে থাকতেন এবং অভিনয়কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি আরিয়ান গ্রামের বাড়িতে বাবার কাছে বেড়াতে আসেন। গত বুধবার বাড়িতে আসার পর শনিবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
তাঁর সন্ধান চেয়ে পরিবার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালায়। দীর্ঘদিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগের মধ্যে ছিলেন স্বজনেরা।
পরিবার সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সকালে ঢাকার হাতিরঝিল এলাকায় আরিয়ানকে খুঁজে পাওয়ার সময় তিনি কিছুটা অচেতন অবস্থায় ছিলেন। পরে তাঁর সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দীর্ঘ ২০ দিন পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার। তবে নিখোঁজ হওয়ার পর থেকে এই সময় তিনি কোথায় ছিলেন, কীভাবে ঢাকায় পৌঁছেছেন এবং কী পরিস্থিতিতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।