
দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী জেলা সংবাদদাতা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সোহরাব হোসেনের (৫৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোহরাব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, দীর্ঘদিন ধরে সোহরাব হোসেন সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পটুয়াখালীর সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি সবার কাছে অনুকরণীয় ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক, সৎ, সাহসী, নির্লোভ ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তাটি পাঠিয়েছেন পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ।