গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ইউনিয়নের গারো নৃসিংহ জিউর আখড়া ও পাঁচপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রশাসক উত্তম কুমার রায় মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও আগত দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আমরা নিশ্চিত করতে চাই যে, সবাই যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে।
পরিদর্শনকালে প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রশাসক উত্তম কুমার রায় ইউনিয়নের সকল পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনের উপর গুরুত্বারোপ করেন।