
নিজস্ব প্রতিনিধিঃ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
আগামী ১৯ ও ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার বগরে অবস্থিত আইপিবি ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চতুর্থ সাউথইস্ট এশিয়া প্ল্যান্ট প্রোটেকশন কনফারেন্স (SEAPPRO-2026) অনুষ্ঠিত হবে। সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. হাগিয়া সুফিয়া খাইরানীর স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে অধ্যাপক ড. সাইফুল ইসলামের উপস্থিতি সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবে বলে উল্লেখ করা হয়েছে। মৃত্তিকাবিজ্ঞানে তাঁর গবেষণাগত অবদানের বিষয়টিও আমন্ত্রণপত্রে তুলে ধরা হয়েছে।
আমন্ত্রণ পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের এমন একটি সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া গর্বের বিষয়। এটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের জন্যও সম্মানের।
তিনি জানান, সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পবিপ্রবির শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তি লাভের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করবেন। আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ জোরদার করাই এ আলোচনার অন্যতম লক্ষ্য।
এ ছাড়া সম্মেলন চলাকালে ইন্দোনেশিয়ার আইপিবি বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সঙ্গে তাঁর মতবিনিময়ের প্রস্তাবনা রয়েছে। এ বৈঠক অনুষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।