সৈয়দ নুর আহসান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে চোর চক্রের নির্মমতার শিকার হয়েছেন এক অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক। উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর বেপারীকান্দি এলাকায় শারীরিক প্রতিবন্ধী আব্দুল জলিলের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। ভিক্ষা করে জমানো চাল ও সামান্য গচ্ছিত টাকা হারিয়ে এখন চরম অসহায় দিন কাটাচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাই সরদারের চর এলাকার বাসিন্দা আব্দুল জলিল দীর্ঘ ৮-১০ বছর ধরে শারীরিক অক্ষমতার কারণে লাঠিতে ভর করে চলাফেরা করেন।
উপার্জনের অন্য কোনো উপায় না থাকায় ভিক্ষাবৃত্তি করেই কোনোমতে জীবন ধারণ করে আসছিলেন তিনি। গত রাতে চোর চক্র তাঁর মাটির ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে এবং কষ্টার্জিত ভিক্ষার চাল ও সঙ্গে থাকা শেষ সম্বলটুকু নিয়ে যায়।
সকালে উঠে ঘরের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন জলিল। সর্বস্ব হারিয়ে দিনভর শুধুই আহাজারি করছেন এই সহায়-সম্বলহীন বৃদ্ধ।
একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীর শেষ সম্বলটুকু চুরি হয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে তীব্র নিন্দার ঝড়।
অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি অসহায় জলিলের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।