
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল আটটার দিকে মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের ভাষ্য, পূজার আনুষ্ঠানিকতা পালনের জন্য সকালে বাড়ির পাশের পুকুরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এ সময় পুকুরের পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
প্রিয়াঙ্কা ওই এলাকার পলাশ দাশের স্ত্রী। তাঁদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে পুষ্পিতা সপ্তম শ্রেণিতে এবং ছোট মেয়ে অর্পিতা দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
প্রিয়াঙ্কার স্বজন বাদল দাশের অভিযোগ, ছেঁড়া তারটি পুকুরে পড়ে থাকার বিষয়টি আগের রাতেই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
তবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহম্মদ চৌধুরী বলেছেন, ছেঁড়া তারের বিষয়ে আগের রাতে তাঁদের কাছে কেউ অভিযোগ করেছিলেন কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় রাত চারটা থেকে বিদ্যুৎ না থাকার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পল্লী বিদ্যুতের কোনো কর্মীর গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুপুর পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
পূজার আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে প্রিয়াঙ্কার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।