
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৪ অক্টোবর এক প্রজ্ঞাপনে ডা. হাসানকে দুমকি থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করে। এই আদেশ প্রত্যাহারের দাবিতেই মানববন্ধনের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম বলেন, ডা. হাসানের কাছ থেকে এলাকার মানুষ নানাভাবে সেবা পেয়েছেন। তিনি অর্থোপেডিক বিশেষজ্ঞ, আর উপজেলায় এমন বিশেষজ্ঞ চিকিৎসক আর কেউ নেই বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ডা. হাসানের সমমানের কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো না হলে উপজেলার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জিএম এনামুল হক তাঁকে দক্ষ প্রশাসক ও চিকিৎসক হিসেবে বর্ণনা করে বলেন, তাঁর বদলিতে জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।