
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান সবুজসহ কমিটির অন্যান্য সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, জাসাস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহবুব হোসেন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ইমতিয়াজ রসুল পান্নু, সূর্যমণি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, কালিশুরী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আরিফুর রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, অভিভাবক মো. নুরুল ইসলাম এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খান।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহা. আবদুল মান্নান ও মো. আমিনুল ইসলাম বাবুল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নাফিজা ইসলাম, আনিলা তাহসিন ও আবদুল্লাহ আল মারজান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি মো. মাহফুজুর রহমান সবুজ বলেন, “বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমার ওপর অর্পিত গুরুদায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে চাই। শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়; শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং আলোকিত মানুষ গড়ার প্রধান হাতিয়ার।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা ও উন্নয়ন দর্শনকে ধারণ করে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক, মানসম্মত ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি।
প্রধান বক্তা মো. হুমায়ুন কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের চালিকাশক্তি। তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।
বিশেষ অতিথি আনিসুর রহমান আনিস বলেন, সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার মানোন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নবনির্বাচিত কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু বলেন, শিক্ষাই জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন শুধু পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।