
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক সমিতি।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক, স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি মাহমুদা আক্তার হেপি, নাসিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বেতন-ভাতার বৈষম্য দূর করা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, পদোন্নতি ও উচ্চতর বেতন গ্রেডের সুযোগ এবং অবসর ও কল্যাণ সুবিধা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন তাঁরা।
বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষকদের আর্থিক ও পেশাগত মর্যাদা আন্তর্জাতিক মানের না হলে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিক্ষকদের বৈষম্য দূর করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।