ইমরান হোসাইন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মইন খানের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে বাউফল উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও সংস্কার, গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ জনসাধারণের নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দাবি তুলে ধরা হয়।
বৈঠকে বাউফলের দীর্ঘদিনের অবকাঠামোগত প্রয়োজনীয়তা এবং জনগণের চলাচল ও যোগাযোগব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ড. শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বাউফলের সড়ক যোগাযোগ, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে উদ্যোগের কথা বলে আসছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাউফলের যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ আরও জোরদার হবে।
বাউফলকে একটি উন্নত, সমৃদ্ধ ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে উন্নয়নমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।