ডেস্ক রিপোর্টঃ পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৮৮৪৮ পরিচিতি নম্বরের কর্মকর্তা। দুমকীতে দায়িত্ব পালনের পর তাঁকে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট দুমকীতে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ছাত্র ও জনগণের একটি অংশ।
মানববন্ধনের প্রচারপত্রে ইউএনওর বিরুদ্ধে মাদকবিরোধী ব্যবস্থা না নেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলা হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে অপসারণের দাবিও জানানো হয়েছিল।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সত্যতা বা এর সঙ্গে পরবর্তী বদলির কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অব্যাহতি গ্রহণ এবং নতুন ইউএনও পদায়নের মধ্যবর্তী সময়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।